
ঢাকাঃ ইতালিতে বসবাসরত কাগজবিহীন অভিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তির একটি রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত।আদালতের নতুন নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র অবৈধভাবে ইতালিতে প্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে শেনজেন তথ্য ব্যবস্থা (এসআইএস)-এ প্রশাসনিক সিগন্যাল থাকলেই ২০২০ সালের ‘ইমার্সিওন’ (সানাতোরিয়া) কর্মসূচির আবেদন আর সরাসরি বা স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা যাবে না।আদালত স্পষ্ট জানিয়েছেন, ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট বিধানে থাকা স্বয়ংক্রিয়ভাবে আবেদন বাতিলের ব্যবস্থাটি ইতালির সংবিধানের সমতা ও ন্যায়সংগত আচরণের নীতির পরিপন্থী। ফলে এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিটি আবেদনকারীর ফাইল পৃথকভাবে ও বিস্তারিতভাবে মূল্যায়ন করতে হবে। শুধুমাত্র এসআইএসে প্রশাসনিক সিগন্যাল থাকার ভিত্তিতে কোনো আবেদন ঢালাওভাবে প্রত্যাখ্যান করা যাবে না।এই রায়ের ফলে ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের বিপুল সংখ্যক অভিবাসী সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে যাদের সানাতোরিয়া আবেদন শুধুমাত্র অবৈধ প্রবেশ বা ওভারস্টের কারণে এসআইএস সিগন্যাল দেখিয়ে আটকে রাখা হয়েছিল বা বাতিল করা হয়েছিল, তারা নতুন করে আশার আলো দেখছেন। এখন থেকে ইতালির প্রশাসনকে আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি, কর্মসংস্থান, ইতালিতে অবস্থানের বাস্তবতা এবং জননিরাপত্তার মতো বিষয়গুলো বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।তবে আদালত এটিও স্পষ্ট করে দিয়েছেন যে, গুরুতর অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক পাচার কিংবা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের ক্ষেত্রে এই রায় কোনোভাবেই প্রযোজ্য হবে না। এসব ক্ষেত্রে আগের কঠোর আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে।অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যাদের সানাতোরিয়া আবেদন এখনও ঝুলে আছে অথবা এই কারণে অতীতে প্রত্যাখ্যান করা হয়েছে, তারা একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর সহায়তায় নিজেদের ফাইল পুনরায় পর্যালোচনার আবেদন করতে পারেন।