গুজবে হুড়োহুড়ি : পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
রাজশাহী: সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের গুজব ছড়িয়ে পড়ার পর রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের উপচেপড়া ভিড় দেখা গেছে।মঙ্গলবার (২১ জুলাই)রাত ৮টার পর থেকেই নগরীর অধিকাংশ পাম্পে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় গ্রাহকদের। তবে জ্বালানি তেলের প্রকৃত কোনো সংকট নেই বলে নিশ্চিত করেছে পেট্রোল পাম্প মালিক সমিতি ও জেলা প্রশাসন।সরেজমিনে বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, প্রতিদিনের তুলনায় কয়েকগুণ বেশি মোটরসাইকেল চালক তেল নিতে এসেছেন। অস্বাভাবিক ভিড়ের কারণে অনেক গ্রাহককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন চালক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ার পরই তারা তেল নিতে ছুটে আসেন। তবে পাম্পে এসে দীর্ঘ লাইন দেখে অনেকেই বুঝতে পারেন, এটি মূলত গুজবের প্রভাবেই সৃষ্টি হওয়া পরিস্থিতি।তাদের ভাষ্য, প্রতিদিনের মতো প্রয়োজনীয় পরিমাণ তেল নেওয়ার উদ্দেশ্যেই তারা এসেছিলেন। কিন্তু হঠাৎ অতিরিক্ত গ্রাহকের চাপে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে।এ বিষয়ে রাজশাহী পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মমিনুল হক বলেন, “রাত ৮টার পর হঠাৎ করেই সব পাম্পে গ্রাহকের চাপ বেড়ে যায়। তবে রাজশাহীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। আজও আমাদের পাম্পে তেলের ট্যাংকার এসেছে।”এদিকে পরিস্থিতি নিয়ে জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। তাই গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।জেলা প্রশাসন আরও জানায়, প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করে স্বাভাবিক বাজারব্যবস্থা বজায় রাখতে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকি করা হচ্ছে।বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা মজুদদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বর্তমান পরিস্থিতিতে প্রশাসন ও সংশ্লিষ্টরা সবাইকে গুজবে কান না দিয়ে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল কেনার আহ্বান জানিয়েছে।