
ঢাকাঃ একটি টেকসই ও সমন্বিত উড়োজাহাজ বহর গড়ে তোলার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান 'এয়ারবাস' থেকে উড়োজাহাজ ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকরা।বুধবার (১৫ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে; বিশেষ করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল (এভিয়েশন) খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে 'এয়ারবাস' থেকে নতুন উড়োজাহাজ কেনার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আলোচনাকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, দেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই সমন্বিত বিমানবহর গড়ে তোলার লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এয়ারবাসের উড়োজাহাজ সংগ্রহ করতে সরকার অত্যন্ত আগ্রহী।জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা প্রস্তাবিত এই এয়ারবাস ক্রয়ের প্রক্রিয়ায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি বেসামরিক উড়োজাহাজ চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।